জামালপুর সংবাদদাতা: জামালপুর শহরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৬ মার্চ গভীর রাতে শহরের দড়িপাড়া মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) ইয়াহিয়া আল মামুন, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০)কে গ্রেফতার করেছে। পাশাপাশি নিহত তাহমিনা আক্তার তানিয়া এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, ১৭ বছর পূর্বে জামালপুরের মুকুন্দ বাড়ী এলাকায় আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। হোসাইন মো. তাইফুর দীর্ঘ দিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিদিন অশান্তি লেগেই থাকত।
নিহতের মামা মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসেন তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে তাহমিনা আক্তার তানিয়ার লাশ উদ্ধার করি।