দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যাত্রী ভোগান্তি লাঘবে আগামী কোরবানী ঈদের আগেই নতুন আরও একটি ফেরি সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা ঘাট পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “হাতিয়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে সরকার আন্তরিক। সেই লক্ষ্যে আমরা সরেজমিনে এসে বাস্তব চিত্র পর্যালোচনা করছি। আগামী কোরবানী ঈদের আগেই একটি নতুন ফেরি সংযুক্ত করার জন্য কাজ চলছে, যাতে যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি কমে।”
তিনি আরও বলেন, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
ফেরিঘাটের র্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া নৌপথের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।