সখিপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশী জামায়াতে ইসলামীর সখিপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মলিনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিকা উচ্চবিদ্যালয় রোডস্থ রফিক কনভেনশন এর তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আমীর অধ্যাপক আল আমিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন লাইট হাউজের প্রতিষ্ঠাতা পরিচালক ড. আহসান হাবীব ইমরোজ, খন্দকার আব্দুর রাজ্জাক এবং মাওলানা শফিকুল ইসলাম খান। টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. ইমরোজ প্রকৃত শিক্ষার উপর বিশেষ আলোকপাত করে প্রাণবন্ত আলোচনা করেন। বক্তারা সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ত্যাগী নেতা কর্মীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তাঁরা বলেন, জামায়াতকে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে হারিয়ে দেয়া হয়েছে। মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে প্রায় সাড়ে তিন কোটি ভোট পেয়েও ১৩৫ আসনের ব্যবধানে হারানো হয়েছে।

ভবিষ্যতেও জনগণের সাথে সম্পৃক্ত থাকতে এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে ময়দান সচল রাখতে উদ্বদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য এড. আশিক মাহমুদ জাহাঙ্গীর, অধ্যক্ষ ফজলুর হক, মাওঃ রেজাউল করীম ফারুক, পৌর আমীর হাফেজ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন প্রমুখ।

সিংগাইর : উপজেলার শায়েস্তা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ শনিবার উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম-পরিষদ ও সূরা সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা শাখা জামায়াতের আমীর হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজ, সেক্রেটারি মোঃ আবু জিহাদ, সহকারী সেক্রেটারি আরিফুর রহমান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যারের জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শায়েস্তা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আলমাস আমীন।