চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হালিশহর পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আজ রবিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দীন। এতে বক্তব্য রাখেন স্কুল শাখার উপাধ্যক্ষ মাওলানা জানে আলম, কলেজ শাখার উপাধ্যক্ষ তাহমিদা আখতার, সিনিয়র শিক্ষক আব্দুর রহীম, শিরিন আক্তার, শাহিন সুলতানা, কুলসুমা খাতুন এবং শাখাওয়াত উল্লাহ মনিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্বও তুলে ধরেন। তারা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীসহ দেশের সকল পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ওয়েবসাইট উদ্বোধন

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন ও ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার ১৯ এপ্রিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দীন মোহাম্মদ দিদার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুন নবী।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হাসান, সিন্দুরপুর অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুব উল হক পাটোয়ারী, রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক, রাজাপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাফেজ পেয়ার আহমেদ ও রাজাপুর আলিম মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন। দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিয়ত উল্যাহ ।

আন নূর ফাউন্ডেশন

বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “আন নূর ফাউন্ডেশন”-এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা এবং ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল বারী সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. বদরুল আমিন, যিনি সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি হাফেজ মো. আব্দুল বাছির খান, যিনি সংগঠনটির উপদেষ্টা হিসেবে ও দায়িত্ব পালন করছেন। আরো উপস্থিত ছিলেন আন নূর ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব মো. শামছুল হক তালুকদার।

আইনশৃঙ্খলা কমিটির সভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা বসে।

ইউএনও মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতে করণীয় বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম।

মতবিনিময়

মতলব (চাঁদপুর) সংবাদদাতা : মতলবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনার ‘নীতি-কৌশল ও সাধনোপায়’ নির্দেশিকা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে প্রতিষ্ঠানের ‘কাদের মোল্লা ফাতেমা বেগম ট্রাস্ট্র’ হল রুমে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে প্রকাশনা উৎসবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।

কৃতি সংবর্ধনা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে দাখিল পরীক্ষার্থী, ৮ম ও ৫ম শ্রেনীর বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও হাফিজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জের ইকুরিয়া মোহাম্মাদিয়া ইসলামিয়া দাখিল হাফিজিয়া মাদ্রসা ও এতিমখানা এ সংবর্ধনা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইকুরিয়া মোহাম্মাদিয়া ইসলামিয়া দাখিল হাফিজিয়া মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল আলম কাওসার সঞ্চালনায় সাবেক প্রিন্সিপাল মাওলানা মোর্শেদ আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মাদ্রাসার দাতা, সভাপতি হাজি মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রসার দাতা হাজি মোঃ জাহিদ হোসেন।