ট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসন, খাল ও পানি নিষ্কাশন নালা সারাবছর সচল রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারের লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেয়রের হাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন তুলে দেন। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে উপসচিব আশফিকুন নাহারের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালককে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালাগুলো সারা বছর সচল রাখার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অন্যান্য কাজেও সমন্বয় করবে কমিটি।

প্রয়োজনে মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজ দ্রুত বাস্তবায়নের জন্য নতুন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন তদারকি করবে এই কমিটি। নিয়মিত সভা আহ্বানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হবে।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির।