ফটিকছড়ি সংবাদদাতা: উপজেলার ভূজপুর থানায় এক গৃহবধূকে ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। এই মামলায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে এবং বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী চার সন্তানের মা। প্রায় দুই বছর আগে দেবাশিষ চক্রবর্তী ওরফে আশিষ (২৬) নামে এক যুবক তার পরিবারের সঙ্গে পরিচয়ের কারণে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। সেই সুযোগে সে কৌশলে বাদীনির মোবাইল থেকে তার ব্যক্তিগত কিছু নগ্ন ছবি ও ভিডিও নিজের মোবাইলে সংরক্ষণ করে নেয় বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো অন্য কয়েকজনের সঙ্গেও শেয়ার করা হয়।

অভিযোগ রয়েছে, ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসামীরা টাকা দাবি করে। পরিবারের সম্মান রক্ষার জন্য ভুক্তভোগীর মেয়ে প্রথমে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দেয়। পরে আবার ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আরও ২০ হাজার টাকা নেওয়া হয়।

এরপর গত ৭ মার্চ প্রধান আসামী আশিষ আবার ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভিডিও দেখিয়ে ৪০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ৯ মার্চ ভোরে বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- দেবাশিষ চক্রবর্তী (আশিষ), জিকু দে, এনি দে, জয় দে, ইমন শীল ও মো. শাকিল।

গ্রেফতারের পর তাদের মোবাইল ফোন পরীক্ষা করে কয়েকজনের ফোনে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

তবে গ্রেফতার হওয়া কয়েকজনের পরিবারের দাবি, মূল ঘটনা আশিষের সঙ্গে জড়িত এবং অন্যদের নাম অযথা জড়ানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীও বলেছেন, তিনি মূলত আশিষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারীকে ব্ল্যাকমেইলিং করার অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ পক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়। এ মামলার বাকী আসামীদের গ্রেফতার অভিযান চলছে।