শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অন্যতম বৃহৎ কৃষিজাত ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ও এনজিসি ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষিত যুবক-যুবতীদের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করবে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপর মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। এই মেলার মাধ্যমে চাকরি পাওয়ায় তারা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষিত যুবক-যুবতীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করবে।
মেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মু. সেরাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মু. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নিয়ামত আলী, প্রাণ গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মোঃ মেহেদী হাসান, ক্যারিয়ার ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সরাসরি আবেদন ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানানো হয়, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি উফশী ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার দেওয়া শুরু হয়েছে।