চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি উপজেলার ডুগডুগি বাজার ও জয়রামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মোকাররিম হোসেনের ‘হোসেন ড্রাগ হাউস’-কে ১০ হাজার টাকা এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে সুলতান মাহমুদের ‘সুলতান ফার্মেসি’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার টাকা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।