গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমামের ১৬ বছরের মেয়েকে দিনদুপুরে অপহরণ, পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা এলাকার ইমাম হাদিউল ইসলামের মেয়ে ফারিহা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে একই এলাকার এক যুবক তাকে উত্ত্যক্ত করে আসছিল। পরিবারের নিষেধ সত্ত্বেও হুমকি-ধামকি চলতে থাকে।
গত মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরদিন সকালে ফিরিয়ে আনা হলেও পরিস্থিতি শান্ত হয়নি। পরে সালিশ চলাকালে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইমামের বাড়িতে হামলা চালায়।
তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে এবং জিম্মি করে দ্বিতীয়বারের মতো মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, ৯৯৯-এ কল করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই অপহরণকারীরা পালিয়ে যায়। মেয়েকে না পেয়ে দিশেহারা পরিবার।