রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার পূর্ব জনপদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র আবাদপুকুর বাজার। প্রতিদিন এখান থেকে সারা দেশে ধান ও চালের বিশাল চাহিদা পূরণ করা হয়। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এখানে ব্যাংক, বীমা, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকলেও চরম অবহেলিত অবস্থায় পড়ে আছে সরকারি সেবামূলক প্রতিষ্ঠান ‘আবাদপুকুর পোস্ট অফিস’ (কোড নং-৫৮৯০)। দীর্ঘ ৮ বছর ধরে নিজস্ব ভবন না থাকায় অন্যের দোকানে বসে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর দাপ্তরিক কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
পোস্টমাস্টার মোঃ এমদাদুল আলম ক্ষোভের সঙ্গে জানান, গত ৮ বছর ধরে তিনি স্থায়ী কোনো কক্ষ ছাড়াই কাজ করছেন। এর আগে দীর্ঘ এক বছর একটি ফলের দোকানে বসে দাপ্তরিক কাজ চালিয়েছেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বগুড়া জেলা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (উচগএ) এসে বর্তমানে ‘এস টু কম্পিউটার’ নামক দোকানে বসে সাময়িকভাবে কাজ চালানোর নির্দেশ দেন। সেই থেকে এভাবেই চলছে সরকারি এই সেবা।
পোস্ট অফিসের রানার দুলাল হোসেন জানান, পুরনো ঘরটি ভেঙে যাওয়ার পর বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। এমনকি পোস্টমাস্টার ও আমি মিলে নিজস্ব অর্থায়নে পোস্ট অফিসের জায়গায় দুটি ইটের ঘর নির্মাণ করতে চাইলেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। কর্তৃপক্ষের সাফ নির্দেশ-ব্যক্তিগত টাকায় সরকারি জায়গায় কোনো স্থাপনা করা যাবে না।