শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে তুষার (৯) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তুষার ওই এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে এবং একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা শেষে মাদরাসা থেকে বাড়ি ফিরে সে খেলতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বিকেলে বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ের নিচে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শ্রীপুর থানা পুলিশ জানায়, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।