স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

পরিবার থেকে বিচ্ছিন্ন, নিখোঁজ কিংবা যোগাযোগহীন মানুষের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) গাজীপুর ইউনিটের উদ্যোগে ২৬ থেকে ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত Restoring Family Links (RFL) বিষয়ক তিন দিনব্যাপী ধারাবাহিক বিভিন্ন কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে পরিবার বিচ্ছিন্ন ব্যক্তিদের খুঁজে বের করা, তাদের স্বজনদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ বা সংকটকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির প্রথম দিন ২৬ জুলাই গাজীপুর জেলা কারাগার পরিদর্শন করেন আয়োজকরা। এ সময় কারাগার কর্তৃপক্ষের সঙ্গে Restoring Family Links (RFL) কার্যক্রমের উদ্দেশ্য, গুরুত্ব এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে কারাগারে থাকা বন্দিদের পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

দ্বিতীয় দিন ২৭ জুলাই গাজীপুরের কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন ও পরিবার যোগাযোগ পুনঃস্থাপনের গুরুত্ব বিষয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এতে বিদেশে অবস্থানকালে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং রেড ক্রিসেন্টের সহায়তা গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাপনী দিনে ২৮ জুলাই গাজীপুরে অনুষ্ঠিত RFL Workshop-এ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও), জেলা তথ্য কর্মকর্তা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা, গাজীপুর জেলা কারাগার ও জেলা স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জয়নাল আবেদিন তালুকদার এবং উপ-সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।

বক্তারা বলেন, দুর্যোগ, সংঘাত, অভিবাসন কিংবা অন্যান্য সংকটের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষের স্বজনদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনে Restoring Family Links (RFL) কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মশালাটি সমন্বয় করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির RFL Department-এর পরিচালক (ইনচার্জ) কাজী জানে আলম এবং RFL Department-এর ফোকাল পারসন মো. বাকি বিল্লা। তারা অংশগ্রহণকারীদের RFL কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, আন্তর্জাতিক মানবিক নেটওয়ার্কের মাধ্যমে পরিবার পুনর্মিলনের প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।