অভয়নগর (যশোর) সংবাদদাতা: যশোরের অভয়নগরে অবৈধভাবে পরিবহনকালে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নছিমনের চালককে কারাদণ্ড ও জরিমানা করা হলেও সার পাচারের সঙ্গে জড়িত মূলহোতারা এখনও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহন করা সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, একটি নছিমনে করে ৫০ বস্তা ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। প্রতিটি বস্তার ওজন ছিল ৫০ কেজি। কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ধারা অনুযায়ী নছিমনের চালক সাব্বির মোল্যা (২০) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে। ভ্রাম্যমাণ আদালতে সাব্বির মোল্যা অপরাধ স্বীকার করে জানান, যশোরের মণিরামপুর বাজারের একটি তেল পাম্পের সামনে তৌহিদের দোকান থেকে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ৫০ বস্তা ডিএপি সার নছিমনে তোলা হয়।