সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, লোহাগাড়া ট্রমা সেন্টার কোনোভাবেই বন্ধ হতে দেওয়া হবে না। ভবিষ্যতে এটি সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল শনিবার সকালে তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

শাহজাহান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেন। আওয়ামী লীগ সরকারের আমলে এটি দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীতে স্বাস্থ্য উপদেষ্টার আন্তরিকতায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ-এর সহযোগিতায় পুনরায় চালু করা হয়। বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে, তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ট্রমা সেন্টার চালু রাখার বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এ ট্রমা সেন্টার। এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।”

চিকিৎসা সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চিকিৎসকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পায়।

একইদিন উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মিডওয়াইফ ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং ট্রমা সেন্টারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।