শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন। শনিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং একই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)। তারা দুজনই স্থানীয়ভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজে ব্যস্ত ছিলেন। একই সময়ে পাশের জমিতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষক। হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হলে তারা বিপাকে পড়েন। এরই মধ্যে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সবাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন দুর্ঘটনায় দুই পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন সবাইকে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।