কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭৪১টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, মহিলা দলের সভানেত্রী লুৎফুন্নাহার রীনা, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

এ সময় বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত রাখতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সম্মান জানাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ইমামগণ বলেন, ঈদ উপহার পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সারা দেশে নেওয়া হবে এবং ভবিষ্যতেও প্রতি বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে।