দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে রিয়াজুল ইসলাম (৪৮) নামে এক ভ্যান চালকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর-ফুটানি বাজার এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। ভ্যান চালক রিয়াজুল ইসলাম একই এলাকার বাবু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই এলাকায় বিদ্যুৎ চলে গেলে রিয়াজুল ইসলামের বাড়ির সদস্যরা বাড়ির বাইরে বের হয়ে আসেন। এ সুযোগে মুখোশধারী ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে রিয়াজুল ইসলামের স্ত্রী নাসিফন খাতুন (৪২) এর গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা বাক্সের চাবি নিয়ে সেখানে থাকা নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনার পর বিদ্যুৎ আসলে বাইরে থাকা পরিবারের সদস্যরা ঘরে গিয়ে নাসিফন খাতুনকে হাত-মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

নাসিফন খাতুন তাদের জানান, ‘আমি শুয়ে ছিলাম। হঠাৎ তিনজন মুখোশধারী ব্যক্তি হাসুয়া নিয়ে আমার গলায় ধরে। পরে তারা আমার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং বাক্সের চাবি নিয়ে সেখানে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে চলে যায় তারা’। এ ঘটনায় রিয়াজুল ইসলাম দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী: নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে ১৫টি ইজিবাইকের ৬০টি ব্যাটারী নিয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুরে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতদের বাঁধা দেয়ায় ডাকাতদল গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও তার ছোট ভাই আসিফ ভুইয়া (২২) কে কুপিয়ে গুরুতর জখম করে। ডাকাতরা গ্যারেজে ঢুকে প্রমথেই সিসি ক্যামেরার ডিডিআর বক্সটি কেটে তাদের জিম্মায় নিয়ে যায়।

গ্যারেজের মালিক এনামুল হক আকাশ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল আসলে সন্দেহ হয়। পরে আমার পিতা মো: কফিলউদ্দিন ও ভাই আসিফ ভুইয়াসহ গ্যারেজে গিয়ে দেখতে পান গ্যারেজের দায়িত্বে নিয়োজিত পাহাড়াদার বাবু ও ইজিবাইক চালক জুয়েল’কে বেঁধে রেখে ডাতাকরা ইজিবাইক থেকে ব্যাটারী আলাদা করতেছিল। এসময় তার বাবা ও ভাই ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে একটি পিকআপ ভ্যানে করে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।

এসময় ডাকাতদল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা, রশিসহ কিছু আলামত ফেলে গেছে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ব্লেজার ও স্যুট তৈরির একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে গত রোববার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পুখুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। অস্ত্রের মুখে ডাকাতরা কারখানার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে বৈদ্যুতিক সাব-স্টেশনের প্রায় দেড় কোটি টাকার মালপত্র লুট করে নিয়ে যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।