পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দারুল আমান ট্রাস্টের আছির উদ্দিন সরদার মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, দাওয়াহ কার্যক্রম, সাংগঠনিক দায়িত্ববোধ এবং বর্তমান প্রেক্ষাপটে রুকনদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও কেন্দ্রীয় শূরা সদস্য পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি এস এম ইদ্রিস আলী, তারবিয়াত সেক্রেটারি ড. ইদ্রিস আলম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আলীম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম,আব্দুল আউয়াল, অধ্যক্ষ একরামুল হক ,মাওলানা শফিকুল ইসলাম, ফরিদুল হাসান , মাওলানা শফিউল্লাহ প্রমুখ। প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
প্রধান অতিথি বলেন, একজন রুকন শুধু সংগঠনের সদস্য নন, বরং সমাজ পরিবর্তনের একজন দায়িত্বশীল কর্মী। ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি এবং জনগণের কল্যাণে নিবেদিত ভূমিকা রাখতে হবে।