বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত তার সংগ্রাম অব্যাহত রাখবে।
গতকাল জুমাবার সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারাায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, প্রকৌশলী আবদুল বাকী, অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, মুহাম্মদ শাহিদুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টিও ইসলাম। ইসলামী আদর্শের ভিত্তিতেই এ দেশে একটি ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে পারে। সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের মাঝে ইসলামী আদর্শেও পৌছে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, এবারের জাতীয় নির্বাচনে জনগণের আশা প্রত্যাশা ছিল একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগারো দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। কিন্তু জনগণের রায় বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন মহল নানামূখী ষড়যন্ত্র করছে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আরো অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি সকলকে আহ্বান জানান।