জনদাবির প্রেক্ষিতে শুরু হওয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চলমান সম্প্রসারণ (প্রশস্তকরণ) কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

গতকার সোমবার তিনি লোহাগাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে সড়ক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী চুনতী ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকাসহ মহাসড়কের বেশ কয়েকটি দুর্ঘটনাপ্রবণ স্থান ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু ঘনঘন দুর্ঘটনার কারণে জনদুর্ভোগ বাড়ছে। দ্রুত ও মানসম্মতভাবে সড়ক সম্প্রসারণ কাজ শেষ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু সড়ক প্রশস্ত করলেই হবে না, নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো, সাইনেজ ও ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

এমপি সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। স্থানীয়রা জানান, সড়ক সম্প্রসারণ কাজ দ্রুত শেষ হলে দুর্ঘটনা কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে তারা আশা করছেন।