গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষমতায়নে এক মানবিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত বিশেষ কর্মসূচিতে ৫৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ ও চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী জীবনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সমাজকল্যাণ সচিব ড. মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজিরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, যাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে, তারা পূর্বে ‘মৈত্রী শিল্পের' অধীনে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করেছেন। জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিনামূল্যে কম্পিউটার সরঞ্জাম প্রদানের আশ্বাস দেন তিনি।

এসময় জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সরকারি সব সুযোগ-সুবিধা যেন তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপকারভোগীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন, যা তাৎক্ষণিকভাবে শোনার মাধ্যমে একটি মানবিক ও আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।