গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে গত মঙ্গলবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কফিল উদ্দিন ওই গ্রামের মৃত ফজর উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কফিল উদ্দিন মাস্টারের সাথে তার ভাতিজা ইউপি সদস্য আব্দুল জলিল ও তার লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ভাতিজা জলিলের লাঠির আঘাতে চাচা কফিল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও নিহতের পরিবারের সাথে কথা বলেন।

পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাত্র এক সপ্তাহ আগে প্রথম সন্তানের বাবা হওয়া সৌরভের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের স্তব্ধতা নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ফসলের মাঠে গরুকে ঘাস খাওয়াতে যান সৌরভ। এ সময় হঠাৎ আকাশে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সৌরভ মজুমদার ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (সকাল) উপজেলার ২ নম্বর শিমুলবাড়ী ইউনিয়নের বানিয়াটারী (তালুক শিমুলবাড়ী) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাগেরহাট জেলার মংলা থানার কচুমুনিয়া গ্রামের কুদ্দুসের মেয়ে সুমি আক্তারের সঙ্গে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফেরদৌস মিয়া ওরফে মান্নানের (২৬) ফেসবুকের মাধ্যমে পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর গত ৪-৫ মাস ধরে তারা স্বামীর বাড়িতেই সংসার করে আসছিলেন।

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন শিশু সহিংসতা অপরাধদমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান। দীর্ঘ ৬ বছর বিচারধীন অবস্থায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামী ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে মৃত খোরশেদ আলমের ছেলে। এই মামলায় অপর এক আসামী আসামী নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, বাবার জন্য মোবাইলে ফ্লেক্সিলোড করতে যাবার পথে মামলায় আসামী ময়নাল হোসেন ভিকটিম মীমকে ধর্ষণের পর হত্যা করেছে প্রমাণ হওয়ায় বিচারক আজ তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। অপর আসামী নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে বিচারাধীন। আমরা এই রায়ে সন্তোষপ্রকাশ করি।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত নাতিনের বিরুদ্ধে আয়েশা আক্তার (৭৫) নামে এক দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে জনতা ঘাতক নাতিন জসিম উদ্দিনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছেন। উপজেলার জাটিয়া গ্রামের মফিদুল ইসলাম শিশুপুত্র জসিম উদ্দিনকে রেখে মারা যাওয়ার পর মা জোসনা বেগমও অন্যত্র চলে যায়। এরপর থেকে দাদি আয়েশা আক্তার নাতিন জসিম উদ্দিনকে লালন পালন করছিলেন। জসিম উদ্দিন মাদক সেবনসহ নানা অপরাধে জড়িয়ে যায়। এ নিয়ে দাদি ও নাতিনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম উদ্দিন দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে দাদি আয়েশা আক্তারকে হত্যা করে। পরে ক্ষুব্ধ এলাকাবাসি ঘাতক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন বাদি হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির দেয়াল রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক তরুণ রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩০ এপ্রিল দুপুরে রহনপুর বড়বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রাজ রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার বাসিন্দা কুড়ান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড়বাজারে বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে রংয়ের কাজ করছিলেন মেহেদী। দুপুর প্রায় ২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নেসকোর ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারে তার হাত লেগে যায়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।