নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মসজিদে নামাজ পড়তে গিয়ে কথা কাটাকাটির জেরে মাহির (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) জুম’আর নামাজের পর পৌরসভার ছোট মসজিদের গলির মুখে এই হামলার ঘটনা ঘটে। আহত মোঃ মাহির (২১) কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের মাইন উদ্দিনের ছেলে। অভিযুক্ত- মোঃ মুন্না (১৭) ৬ নং ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন সুমনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে ‘রকি সু স্টোর’-এর কর্মচারী মুন্নার(১৭) সাথে আসিফ স্টোরের মাহিরের বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে রকি উত্তেজিত হয়ে মাহিরকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাহির মাটিতে লুটিয়ে পড়লে মুন্না পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

মুন্না পালিয়ে যাওয়ার সময় উপস্থিত সাধারণ মানুষ তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত মুন্নাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত মাহিরকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, আমরা খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়ে চুরিআঘাতকারীকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিক নামাজে জায়গা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে ছুরির আঘাতের ঘটনা ঘটে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।