হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার গহীন জঙ্গলে সক্রিয় বন লুটের চক্রের আলামত মিলেছে। বন বিভাগের অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সেগুন ও আকাশমণি কাঠ জব্দ করা হয়েছে।

হাটহাজারী রেঞ্জের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রায় ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। পরে পাঁচটি জিপ গাড়িতে করে কাঠগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। তবে অভিযানের আগেই জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদালিয়া এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গোপনে মূল্যবান গাছ কেটে পাচার করে আসছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কাঠ কেটে বিভিন্ন পথে পাচার করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও জানান, কয়েকদিন আগেও একই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছিল। এতে বনজ সম্পদ লুটে নেওয়ার সঙ্গে সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে গাছ কাটা, কাঠ সংগ্রহ ও পাচারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ আইনের আওতায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অনুমতি ছাড়া গাছ কাটা, কাঠ সংগ্রহ বা পরিবহন দ-নীয় অপরাধ।

স্থানীয়দের মতে, পাহাড়ি বনাঞ্চলে নজরদারি আরও জোরদার না করলে মূল্যবান বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।