ঝালকাঠি সংবাদদাতা: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’। মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, রাজাপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে। বক্তারা আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভ জড়িয়ে আছে। তাই ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধিসহ প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপনও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন করতে হবে।’