পাবনার সাঁথিয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বজ্রপাতের শব্দে এক কিশোর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার করমজা ও ধুলাউরি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)। আহত কিশোর পারভেজ (১৫) সোনাতলা গ্রামের রাজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশের পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।