ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি এলাকায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে কঠোর অভিযান পরিচালনা করছে।

গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামানের নেতৃত্বে বিজিবি ক্যাম্পের সহযোগিতায় টেপাখড়িবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বেশ কয়েকটি মেশিন ভেঙে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের ধারাবাহিকতায় অবৈধ পাথর উত্তোলন প্রতিরোধে বাধা দিতে গিয়ে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম শাহিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ডিমলা থানা পুলিশসহ গ্রাম পুলিশের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে জড়িত কয়েকজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন। তাদের দাবি—যে দলেরই হোক না কেন, অবৈধ কর্মকা-ে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সচেতন মহলের মতে, টাকার প্রভাব ও অবৈধ স্বার্থের কারণে একটি চক্র বারবার আইন অমান্য করে সহিংসতায় জড়িয়ে পড়ছে। তাই প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।