ময়মনসিংহ (ফুলপুর) সংবাদদাতা: ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মাহবুবুর রশিদ ফরাজী এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড জোরদার করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ন্যায় ও সততা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল ভিত্তি—এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
কামরুল হাসান মিলন আরো বলেন তৃণমূলের প্রধান শক্তি হচ্ছেন ওয়ার্ড সভাপতি ও দায়িত্বশীল নেতারা। সামাজিক, ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং জনকল্যাণমূলক রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।