ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় বালু মহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরজা করছে। নদী পথে এসে ১৮/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বালু সিন্ডিকেটের অফিস, ৫টি মোটরসাইকেল, ১টি পেলুডার ভাংচুর করার পর রাতেই নির্বিচারে গুলি ও ককটেল ফাটিয়েছে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর দক্ষিণ রেলগেটস্থ অফিসে। এসময় গুলিবিদ্ধ হয়েছে ১ জন। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিএনপির উভয় গ্রুপের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সূত্র জানিয়েছে, ভেড়ামারার বালু মহলে আধিপত্য বিস্তার এবং নিজেদের হিস্যা বুঝে নিতে ১০ মাইল এলাকার গিয়াসের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী নদী পথে এসে ১২ মাইল বালুর ঘাটের প্রধান উজ্জল স্বর্নকারের অফিসে হামলা চালায়। চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা, এসি সহ ব্যাপক ভাংচুর করে তারা। অফিসের সামনে থাকা ৫ টি মোটরসাইকেল, ১টি পেলুডার ভাংচুর করে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি করে। আকষ্কিক এই হামলার ঘটনা মিমাংসা করার জন্য ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম দুই গ্রুপই দক্ষিন রেলগেটস্থ বিএনপির অফিসে ডাকেন। উজ্জল কর্মকারের গ্রুপ টি মিমাংসায় উপস্থিত হলেও গিয়াস গ্রুপের লোকজন যথা সময়ে উপস্থিত হয় না।পরে রাত ৯টার দিকে ৩/৪ টি মোটরসাইকেলে অজ্ঞাত দূর্বৃত্তরা হেলমেট পরিহিত অবস্থায় বিএনপির অফিস কে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি চালায় এবং নির্বিচারে ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় শুকুর আলী নামের একজন গুলিবৃদ্ধ হয়। পাশের দোকানের কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়।