দেশের শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম। দীর্ঘ প্রায় তিন দশকের গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তাঁর এই পদায়নকে ব্রির চলমান কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে তিনি ব্রির সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের ২০ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া গ্রামে জন্মগ্রহণকারী ড. আমিনুল ইসলাম ছাত্রজীবন থেকেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষণায় তাঁর অবদান উল্লেখযোগ্য। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তাঁর ৮০টির অধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি ফিলিপাইন, মরক্কো, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত। তাঁর নেতৃত্বে ব্রির গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী হবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল।
ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। তাঁর পেশাগত দক্ষতা, গবেষণা অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ব্রিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে মনে করছেন সহকর্মীরা।