স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী পরিবার কল্যাণ সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে মুহিব্বুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: নাসির খান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৩৩ সদস্য কমিটির মধ্যে সাধারণ সম্পাদক মো. নাসির খানসহ বিভিন্ন পদে ১০ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এরমধ্যে সভাপতি পদে মুহিবুল্লাহ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইজনই ৪১ ভোট করে পান।

গতকাল বুধবার সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, “আমাদের মূল লক্ষ্য হবে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া।”

নির্বাচন চলাকালীন মন্ত্রণালয়ে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও সুযোগ-সুবিধা আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটিকে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।