আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাজুল ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'আব্বা জীবন সফর সমাপ্ত করে তাঁর স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাই।'

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তার অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। গত ২৩ ফেব্রুয়ারি তাকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় সরকার।

জামালপুরে ফজলুল হক খানের মৃত্যুতে জেলা জামায়াতের শোক

সংগ্রাম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা ইউনিটের সদস্য (রুকন) ও দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খান (৮৫) গতকাল বৃহস্পতিবার বিকাল ৫.৪৫ মিনিটে ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে হার্টের চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি এক স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।

তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মহুমের সকল দ্বীনি খেদমতকে কবুল করুন, তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।