প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে আলোচ্যসূচির বাইরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। বৈশ্বিক জ্বালানি-সংকটের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালু করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এক দিন অনলাইনে ক্লাস হবে, পরদিন সশরীর ক্লাস হবে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ক্লাস হবে সশরীরে।