জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, বর্তমানে যে হেডফোন ব্যবস্থাটি রয়েছে, তা মাথার ওপর বড় একটি বোঝার মতো। এত বড় বোঝা নিয়ে এক থেকে দুই ঘণ্টা এটি ব্যবহার করে বসে থাকা সদস্যদের জন্য কষ্টকর।
গতকাল রোববার সংসদের প্রশ্নোত্তরকালে তিনি বলেন, এত বড় একটি বোঝা মাথায় নিয়ে দীর্ঘ সময় বসে থাকা সবার জন্যই অস্বস্তিকর। এর চেয়ে সহজ কোনো ব্যবস্থা করা হলে ভালো হয়।
শাহজাহান চৌধুরী আরও বলেন, ১৯৯১ সালেও এমন ভারি হেডফোন ছাড়াই সংসদ পরিচালিত হয়েছে। একইভাবে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়ও সংসদের কার্যক্রম চলেছে। তার মতে, বর্তমান ব্যবস্থাটি অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, সম্ভবত একটা বাজেট হয়েছিল, কিন্তু সেখান থেকে লুটপাট বাহিনীরা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। এজন্য সাউন্ড সিস্টেমটা সুন্দর করতে একটা সিম্পল হেডফোন দিলে আমরা শুনতে পাই। এছাড়াও সংসদের বিভিন্ন ব্যবস্থাপনা আধুনিকায়নের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।