মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পল কাপুর। অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত এবং অভিন্ন মূল্যবোধ আমাদের দেশগুলোকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এই মার্কিন কূটনীতিক। তার মতে, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিদ্যমান এই গভীর সম্পর্ক কেবল দুই দেশের জন্যই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটেও একটি ইতিবাচক বার্তা বহন করছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও সুধীজনদের উদ্দেশে পল কাপুর আরও বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং গণতান্ত্রিক সুশাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংকটের মাঝেও বাংলাদেশ যেভাবে নিজের অবস্থান সুসংহত রেখেছে, তা প্রশংসার দাবি রাখে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য যে, গত ৪ মার্চ বাংলাদেশ সফরকালে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত ৪ মার্চ বুধবার সকালে ৯টার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে একই দিন সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ৪ মার্চ বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সফর উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন পল কাপুর। ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে গত ৩ মার্চ মঙ্গলবার রাতে ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। গত বছরের অক্টোবরে দায়িত্ব নেয়ার পর এটাই ছিল তার প্রথম বাংলাদেশ সফর।

মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: এদিকে রাশিয়া থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এ আশ্বাস দেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ১ এপ্রিল ২০২৬ বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া থেকে সরাসরি পরিশোধিত ডিজেল ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় পাওয়ার অনুরোধ জানান। এর আগেও বাংলাদেশ একই অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছিল।