রাজধানীর খিলক্ষেতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এ এসি মেরামতের সময় শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে হোটেলের চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)। তারা সবাই হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে যুক্ত। তাদেরকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা জানান, ভোরে হোটেলের এসি মেরামতের কাজ চলছিল। এসময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত চারজন দগ্ধ হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনিচ্ছা প্রকাশ করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনের মধ্যে আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহিনের ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউনে আগুন: এদিকে রাজধানীর আদাবর থানাধীন আহমেদ নগর বেড়িবাঁধ এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক মালামালের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৩৪ মিনিটে আহমেদ নগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার মাত্র এক মিনিটের মাথায় অর্থাৎ ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ২টা ৫২ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এবং প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটকে সহায়তার জন্য পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানটি ফায়ার স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল হওয়ায় ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রাতে রাজধানীর নদ্দায় দোকানে আগুন

রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।