সাত মার্চ উদ্যাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে মিছিল নিয়ে আসছিল। ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর মধ্য থেকে চারজনকে ধরে থানায় নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, গ্রেপ্তারকৃতরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে আসে। এসময় তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। এই চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, এই মিছিলে ১০-১৫ জন ছিলেন। তাঁদের হাতে ছিল ফুলের মালা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। তবে গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনোটিতে যুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঘটা করে ৭ মার্চ পালন করা হতো। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ। অভ্যুত্থানের সাত মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।