প্রয়োজনীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসের জন্য নয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে বাংলাদেশ। এর মধ্যে আট কার্গোই স্পট মার্কেট থেকে কেনা হয়েছে। এজন্য সরকারকে দ্বিগুণ দাম দিতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এপ্রিল মাসের জন্য মোট নয় কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে আট কার্গো স্পট মার্কেট থেকে এবং বাকি এক কার্গো দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’
এ এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ (১০ লাখ মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) গড়ে ২১ ডলার করে পড়েছে বলে জানান মিজানুর রহমান।
যদিও স্বাভাবিক সময়ে এলএনজি কার্গোর প্রতি এমএমবিটিইউ গড়ে ১০ থেকে ১১ ডলার হয়ে থাকে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অচল হয়ে পড়ায় এ জ্বালানির দাম দ্বিগুণ বেড়েছে।