রাজধানীর মতিঝিল থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন-মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও অপ্রাপ্তবয়স্ক একজন। ডিবির বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। এসময় তাদের হেফাজত থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি ভিসার প্রিন্ট কপি জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা করা হয়। আরিফা আখতার প্রীতি জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মানবপাচার কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেএমবি সন্দেহে হেফাজতে শিশু: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান।