সংসদ থেকে পদত্যাগ নয়, বরং সংসদে থেকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রয়োজনে সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথেও অবস্থান নেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
তিনি বলেন, বৈঠকে সংসদকে কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আইএফইএস প্রতিনিধি দল কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে।
সাইফুল আলম মিলন অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে গণভোট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে সরকারি দল। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও আইএফইএসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব সরকারপ্রধানের দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। সরকারপ্রধানের নীরব থাকা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেওয়ানো গণতন্ত্রের সৌন্দর্য ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।