মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন ও দুইজন সৌদি আরবে মারা গেছেন। গতকাল সোমবার একজনের লাশ দেশে আনা হলো। পর্যায়ক্রমে সব লাশ আনা হবে-এমনটাই জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শোক প্রকাশ করে।
গতকাল সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) লাশ গ্রহণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।
আরিফুল হক বলেন, যারা আহত হয়েছেন তারাও সেসব দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি। প্রবাসীদের পাশে আছি আমরা। নিহতদের পারিবারকে সরকারের তরফ থেকে সাহায্য করা হবে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, আমি নিহতের লাশ নিয়ে তার গ্রামের বড়ি যাব। তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।