আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর শাহাদাত ও আন্তর্জাতিক আল-কুদস দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী, মাওলানা রুহুল আমিন, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সারওয়ার তুষার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ রাশেদ আলম ভূইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, আল-কুদস কমিটি বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ পবিত্র রমযান মাসের পবিত্র পরিবেশে মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে স্মরণ করছে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতকে এবং একই সাথে পালন করছে আন্তর্জাতিক আল-কুদস দিবস। এই দিনটি মুসলিম বিশ্বের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য, ন্যায়বিচার এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের প্রতীক। আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ছিলেন ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার এবং নিপীড়িত মানুষের অধিকার রক্ষার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সংগ্রামী জীবন, নেতৃত্ব এবং আত্মত্যাগ মুসলিম উম্মাহকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢভাবে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
আন্তর্জাতিক আল-কুদস দিবস মুসলিম বিশ্বের কাছে ফিলিস্তিনের স্বাধীনতা, পবিত্র আল-কুদসের মর্যাদা রক্ষা এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এই দিনে বিশ্বজুড়ে মুসলমান ও ন্যায়বিচার প্রত্যাশী মানুষ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে একাত্মতা প্রকাশ করে। আমরা এই দিনে আল্লাহর দরবারে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর সুউচ্চ মাকাম কামনা করছি এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি। একই সাথে আমরা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। প্রেস বিজ্ঞপ্তি