ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে দাপ্তরিক কাজ শুরু করেন।

বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।

আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। বঙ্গভবনে কাজ শুরুর প্রথম দিনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন।

পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত : সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সংসদ ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য প্রস্তুত আছে কমিশন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পস্তুত আছে কমিশন।

সাতক্ষীরা-৪ আসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসন নিয়ে কোনো আলোচনা হয়নি। সাতক্ষীরা-৪ আসনের বিষয়ে সংসদ সচিবালয় রেফার করলে কমিশন ব্যবস্থা নেবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওইদিনই দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। এদিকে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের 'নির্বাচনি কর্তা' হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।