রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস সরকারি এই বাসভবন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি গুলশানে নিজের বাসভবনে উঠেছেন।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত সরকারি বাসভবন ত্যাগ করে গুলশানে নিজ বাড়িতে ওঠেন তিনি। এর মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী শাসনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটলো।

জানা গেছে, গতকাল বিকেল ৩টা ৫৫ মিনিটে ড. ইউনূসের গাড়িবহর যমুনা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি গুলশানের বাসভবনের উদ্দেশে রওয়ানা দেন। দায়িত্ব গ্রহণের সময় যেমন ছিল অনাড়ম্বর, বিদায়ের মুহূর্তেও তেমনি ছিল সংযত ও প্রটোকলনির্ভর।

নতুন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর থেকেই ড. ইউনূস যমুনা ছাড়ার প্রস্তুতি নেন। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শনিবার তিনি সরকারি বাসভবন খালি করেন।