রাজধানীর উত্তরা ‘কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।

উত্তরা ১২ নম্বর সেক্টরের ময়লার মোড় সংলগ্ন ওই মদের বারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, সোনারগাঁও জনপথ রোডের বারের ভবনটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা নিয়ে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের অন্তরালে মদের বারের কার্যক্রম চলে আসছিল। সেখানে শুধু মদই নয়, বারে আসা কাস্টমারদের বিনোদনের জন্য নারীও ছিল। এ ছাড়াও ওই নারীদের সঙ্গে অন্তরঙ্গভাবে সময় কাটানোর জন্য পঞ্চম তলায় বেশ কয়েকটি রুমেরও ব্যবস্থা ছিল।

অভিযানের সময় বারটিতে কিশোরগ্যাং লিডার, বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজনকে দেখা যায়। এসময় কয়েকজনকে পুলিশের সঙ্গে মদ্যপ অবস্থায় বাগবিতণ্ডাতেও জড়াতে দেখা যায়।

এদিকে বহু যুবক ও যুবতীকে বারের টয়লেট, বারান্দা, সোফা এবং রান্নাঘরে আত্মগোপনে থাকতে দেখা যায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি'র উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ। অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশ অংশ নেয়। তবে সহযোগিতার জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) উপস্থিত ছিল। এ ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও ছিলেন।