তুরস্কের একটি স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সাবেক এক কর্মীর হাত ধরে কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়ে কয়েকজন রোগী প্রতারণার শিকার হয়েছেন, এই অভিযোগ পেয়ে র‌্যাব ওই কর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। নুরুজ্জামান রাজু নামের ওই কর্মী নিজেই একটি ওয়েবসাইট খুলে প্রতারণা করে আসছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

এই রাজু ও তার চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বৃহস্পতিবার র‌্যাব জানিয়েছে, ২০২৩ সালে ঢাকার গুলশানে অফিস নিয়ে টার্কিশডক নামে একটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে। সেখানকার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন রাজু। কিন্তু প্রতিষ্ঠানটি ২০২৪ সালে তাদের কার্যক্রম বন্ধ করে দিলে রাজু একইস্থানে অফিস খুলে কার্যক্রম চালাতে থাকেন। আসল প্রতিষ্ঠানের হুবহু নকল টার্কিশডক বিডি নামে ওয়েবসাইট খুলে শুরু করেন প্রতারণা। সেই থেকে এই রাজুর চক্রটি বিপুল সংখ্যক রোগীকে কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে পাঠিয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে নিতে থাকে।