ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ ছেড়ে পালাতে সহায়তাকারী হিসেবে যার নাম এসেছে, সেই ফিলিপ সাংমাও ভারতে ধরা পড়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাকে গ্রেপ্তার করে।
এসটিএফ জানিয়েছে, গতকাল শনিবার ফিলিপকে উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এরই মধ্যে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্র খবর পেয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেন যে, তিনি ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেন।
বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। গ্রেপ্তারের পর ফিলিপ সাংমাকে আদালতে তোলার পর এখন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা।
এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি।