সরকারি চাকরিতে শৃঙ্খলা জোরদার ও প্রবেশের বয়সসীমা বাড়িয়ে দুইটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল রবিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বিল দুটি অনুমোদন দেওয়া হয়। বিল দুটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এর মধ্যে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’-এ শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। সংশোধিত আইনে মূল আইনের ৩৭ ধারার পর নতুন ‘৩৭ক’ ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করা, সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাধা দেওয়া, যৌক্তিক কারণ ছাড়া সম্মিলিতভাবে কর্মবিরতি বা অনুপস্থিত থাকা এবং অন্য কর্মচারীদের কাজে বাধা দেওয়াÑএসব কর্মকাণ্ড ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য হবে।
এ ধরনের অপরাধে তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছেÑ নিম্নপদে অবনমন, বাধ্যতামূলক অবসর এবং সরাসরি চাকরিচ্যুতি। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করার লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মচারীকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে হবে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। কমিটিকে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে, যা বিশেষ ক্ষেত্রে আরও ৭ দিন বাড়ানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। দণ্ডপ্রাপ্ত কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।
অন্যদিকে ‘সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)সহ সব ধরনের সরকারি চাকরিতে একই বয়সসীমা কার্যকর হবে।
বিলে উল্লেখ করা হয়েছে, যেসব পদের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেগুলোতেও এখন থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে যেসব পদে আগে থেকেই ৩৫, ৪০ বা ৪৫ বছর বয়সসীমা নির্ধারিত আছে, সেগুলো অপরিবর্তিত থাকবে। প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োগে বিদ্যমান বিধান বহাল থাকবে।
সরকার বলছে, দুটি বিলের মাধ্যমে একদিকে সরকারি চাকরিতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, অন্যদিকে শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে।