ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ও নারী নির্যাতন সংশোধন আইন ২০২৬সহ মোট ৯১টি বিল পাস হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ও বিকাল মিলে এই আইনগুলো পাস করা হয়।
এদিন সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। জুমআর নামাযের আগ পর্যন্ত ১০টি পরে আরো ১৪ টি বিল পাস হয়। স্ব স্ব মন্ত্রণালয়ের মন্ত্রীগণ মহান সংসদে বিলগুলো উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে বিলগুলো পাস হয়। বিকেল সাড়ে তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়। এরপর অন্যান্য বিলগুলো মন্ত্রীরা সংসদে বিল আকারে উত্থাপন করেন।
রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসনের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’ গতকাল শুক্রবার জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন প্রণয়নের মাধ্যমে রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম তদারকি করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়।
নতুন আইনে আগে প্রস্তাবিত চারটি স্কুলে সাতটি কলেজকে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে এসে বলা হয়েছে, কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে, তবে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত থাকবে।
বিকেলে পাস হওয়া উল্লেখযোগ্য বিলগুলোর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনীত বিল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬)ইং। বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
এছাড়া মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অধিকতর সংশোধনকল্পে আনীত বিলটি (নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬ইং উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাস করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সংসদে মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে আনীত বিল [মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাস হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও নিরাপত্তা বিধানকল্পে আনীত একটি বিল (বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) বিল, ২০২৬ উত্থাপন করেন।
অর্থমন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরী তফসিলি ব্যাংক সম্পর্কিত রেজুল্যুশন ক্ষমতা প্রয়োগ এবং এতদসংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত একটি বিল (ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬) উত্থাপন করেন। এছাড়া সংস্কৃতি বিষয়কমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিল বিল সংসদে উত্থাপন করেন।
এর আগে সকালের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়। অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি।
অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল বিশেষ কমিটি। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
আসরের নামাযের পর আবারো স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব করেন।
বিলের ওপর আলোচনা করেন ঢাকা -১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, বহু মালিক পর্দার আড়ালে থেকে ব্যাংক থেকে অর্থ লুটপাট করেন। এটি একক কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা সম্ভব না। এজন্য সমন্বিতভাবে করা দরকার। সংকট প্রতিহত করার আগেভাগেই পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বিচারিক শাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড রক্ষার ওপর জোর দেন। তিনি বিলটির ওপর জনমত নেওয়ার প্রস্তাব করেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা আমাদের সুপ্রতিষ্ঠিত দলীয় নীতি। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল গুড গভর্নেন্স ছিল। তিনি সাইফুল আলম খান মিলনের প্রশংসা করেন। তিনি বলেন, এই সংশোধনের ফলে ব্যাংকিং খাতের ওপর আস্থা ফিরে আসবে।
গুম হওয়া সংসদ সদস্য ব্যারিস্টার আরমান জুলাইযোদ্ধাসহ সুবিধাভোগীদের সাথে আলাপ করে সংশোধন করার প্রস্তাব দেন। বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমরা ঐকমত্যের মাধ্যমে ৯৮টি অধ্যাদেশ করা হয়েছে। এজন্য বিশেষ কমিটি করা হয়েছে। সেখানে আলোচনা করা হয়েছে। কিন্তু আজ শুক্রবার যেভাবে বিলটি আনা হয়েছে তাতে যোচ্চুরি করা হয়েছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। আমরা দেখছি ব্যাংক এবং স্থানীয় সরকারদলীয়করণ করা হয়েছে। সংশোধনী বাদ দিয়ে পাস করা হোক। নয়তো আমাদের এখানে থাকা দরকার নেই।
স্পিকার তখন সংস্কৃতিমন্ত্রীকে ফ্লোর দেন। তখন মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, সেখানে বিলে কোন পরিবর্তন আনা হয়নি। যে দল ক্ষমতায় আসবে সেই দল জনগণের পক্ষে কাজ করবে। এটা দলের লোকজনের কাছে থাকবে এটাই স্বাভাবিক। এটা বিরোধী দলের জানা উচিত। ফ্লোর নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে যেকোন ব্যাপারে সংশোধনী আনার। ইন্টারিম সরকার যাকে বসিয়ে দেওয়া হয়েছে তিনি যদি লুটপাটে ব্যস্ত হয়ে যান তাকে সরানোর ব্যাপারে সংশোধনী আনা হয়েছে। যে কমিটি করে দেওয়া হয়েছে তাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি লুটপাট করলেও সরানো যেতো না। তবে বিষয়টি নিয়ে আরো আলোচনা হতে পারে। বিলের সংশোধনী আনা যেতে পারে।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনের ২৪টিসহ মোট ৯১টি বিল পাস করে সংসদের অধিবেশন শেষ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।