নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি (অকটেন) আনতে গিয়ে ট্রাকচাপায় আহত মো. ইব্রাহীম ইমন (১৯) চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন। নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। অন্যজন অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মৃধা বাড়ির একরামুল হকের ছেলে।
গত ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুর্ঘটনার দিনই ঘটনাস্থলে মারা যান তার বন্ধু অন্তর।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি (অকটেন ও পেট্রোল) সংকটের কারণে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের তেল সংগ্রহের জন্য ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল নিয়ে ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয় এবং ইমন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট। কয়েকদিন পরেই জীবিকার তাগিদে তার প্রবাসে যাওয়ার কথা ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম চলছে। আদরের সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি তাকে আগে কেউ অবহিত করেনি। তবে তিনি এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।